মুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: বিরোধীদলীয় নেতা

Date: 2026-10-25
news-banner

অনলাইন ডেস্ক

মুক্ত, বৈষম্যহীন, ন্যায়-ইনসাফভিত্তিক এবং যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।


রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে মুক্ত, বৈষম্যহীন ও ন্যায়-ইনসাফভিত্তিক। যুবসমাজের প্রত্যাশা পূরণ করে এমন একটি বাংলাদেশ গড়তে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। কমিশনে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে দীর্ঘ আলোচনার পর বিভিন্ন বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। ২০২৫ সালে বিভিন্ন পক্ষ এ সনদে স্বাক্ষর করে।


বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই জাতীয় সনদের গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পূরণ করা জরুরি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন।  এ সময় ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচিতে বাধা বা ষড়যন্ত্র না করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

advertisement image

Leave Your Comments