গাজা যুদ্ধের পর প্রথম নির্বাচন, নেতানিয়াহুর ক্ষমতা কি টিকবে?

Date: 2026-10-24
news-banner

আন্তর্জাতিক ডেক্স


আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তী গাজা, লেবানন, ইরান ও হুতি সংঘাতের পর এটিই দেশটির প্রথম নির্বাচন। অনেক বিশ্লেষক এটিকে ইসরাইলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।


বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধান চ্যালেঞ্জার হিসেবে উঠে এসেছেন ইসরাইল ডিফেন্স ফোর্সেসের সাবেক প্রধান গাদি আইজেনকোট। তার নতুন দল ‘ইয়াশার’ জনমত জরিপে লিকুদের সঙ্গে প্রায় সমান অবস্থানে রয়েছে।


সাম্প্রতিক জরিপগুলোতে ইয়াশার ২০ থেকে ২৩টি এবং লিকুদ ১৯ থেকে ২১টি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। নেতানিয়াহুপন্থী জোট ও বিরোধী জোট উভয়ই ৪৮ থেকে ৫৪ আসনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই এখনো নিশ্চিত করতে পারছে নাআইজেনকোট ২০২৫ সালে ইয়াশার দল প্রতিষ্ঠা করেন। গাজা যুদ্ধের সময় তার ছেলে নিহত হন। তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু সংঘাত পরিচালনা নিয়ে মতবিরোধের জেরে ২০২৪ সালে পদত্যাগ করেন। ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি তার প্রচারের মূল ভিত্তি।


বিরোধী শিবিরে আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, অ্যাভিগডর লিবারম্যান এবং বামপন্থি নেতা ইয়ার গোলান। মতাদর্শগত পার্থক্য থাকলেও তারা আইজেনকোটের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা রাখছেন।নেতানিয়াহুর বর্তমান সরকারকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার বলা হয়। ক্ষমতায় থাকতে হলে তাকে কট্টর ডানপন্থি দলগুলোর ওপর নির্ভর করতে হতে পারে। এসব দলের কেউ কেউ পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করা এবং গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।


গাজা প্রশ্নে দুই শিবিরের অবস্থানে কিছু মিল রয়েছে। উভয়েই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা সমর্থন করেন। আইজেনকোট বলেছেন, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে ১৮ মাসের মধ্যে গাজায় হামাসের শাসন শেষ করবেন। পশ্চিম তীরে নেতানিয়াহু বসতি সম্প্রসারণ অব্যাহত রাখতে চান, আর আইজেনকোট বিতর্কিত ই-১ প্রকল্পের বিরোধী।


ইসরাইলে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন হয়। দলগুলো জাতীয় পর্যায়ে পাওয়া ভোটের অনুপাতে আসন পায়। তাই সরকার গঠনে জোট অপরিহার্য। নির্বাচনের রাত ১০টায় এক্সিট পোল প্রকাশ হবে। আনুষ্ঠানিক ফল ৪ নভেম্বর ঘোষণা করার কথা। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেবেন। প্রক্রিয়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্তও গড়াতে পারে।বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফল শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিকেই নয়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে।

advertisement image

Leave Your Comments