অনলাইন ডেস্ক
কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় চত্বরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা খতিয়ে দেখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভ্যন্তরীণ কোন্দল, নাকি অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা—তা অনুসন্ধানের বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ৩১ অক্টোবর ১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে কুমিল্লার ঘটনাটি বিশেষ গুরুত্ব পায়।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চারজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার ঘটনাটি দলটির রাজনৈতিক ইতিহাসে বিরল। ঘটনার পেছনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল কাজ করেছে, নাকি অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। জামায়াতের নেতারা আরও বলেন, ঘটনাটিকে দলটির দুই পক্ষের সংঘর্ষ হিসেবে আলোচনা করা হলেও এর সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ কারণে ঘটনাটির সঙ্গে তাঁর যোগসূত্র এবং নেপথ্যে অন্য কেউ রয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়গুলো কেন্দ্র থেকে খতিয়ে দেখা হবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ঘটনাটি জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ হিসেবে যেভাবে আলোচিত হয়েছে, বিষয়টি ঠিক সে রকম নয়। ঘটনার মূল কারণ, নেপথ্যে কারা রয়েছেন এবং এবি পার্টির একজন নেতা কীভাবে এতে যুক্ত হলেন—এসব বিষয় খতিয়ে দেখা নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।
কমিটি গঠনকে কেন্দ্র করে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় চত্বরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার এবি পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি। এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে পর্যালোচনার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।