প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকবেন না রাষ্ট্রদূত দাউদ আলী

Date: 2026-10-24
news-banner
নিজেস্ব প্রতিবেদক

বিশেষ দায়িত্বে টোকিওতে সচিব নজরুল ইসলাম।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকবেন না। সরকারপ্রধানের সফরে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রদূত দাউদ আলীকে সম্প্রতি ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে টোকিও থেকে ঢাকায় ফিরেছেন এবং প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির জন্য বুধবার (২২ অক্টোবর) টোকিও যান সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর কোনো দেশ সফরের সময় সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিতির নজির খুবই কম। সরকারের এক কর্মকর্তা বলেন, ‘উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না।’

দাউদ আলী ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার। জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানি প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। সফরে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য এ সফর সময়োপযোগী সুযোগ তৈরি করবে। সফরকালে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বৃদ্ধি, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় উঠে আসবে।
advertisement image

Leave Your Comments