অনলােইন ডেক্স
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পোস্টে দূতাবাস জানায়, কেউ গ্রেফতার হলে তাঁর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবেও বিবেচনা করা হতে পারে।
এর আগে, চলতি মাসেই চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে মার্কিন ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল দূতাবাস।
গত ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও আইন মেনে চলার প্রত্যাশা করে।