কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সামাজিক অপবাদের মুখে নাজমা খাতুন (৪৪) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের পশ্চিম নাওড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক, তাঁর পরিচয় প্রকাশের পর বিয়ের আয়োজন ভেঙে যাওয়া এবং অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় বাসিন্দা ও নাজমার স্বজনদের সূত্রে জানা গেছে, পশ্চিম নাওড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে নাজমা খাতুনের সঙ্গে প্রায় ছয় মাস ধরে ফেসবুকে সাইদুর রহমান পলাশ নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, ওই যুবক নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং নিজেকে রেল পুলিশের সদস্য বলে পরিচয় দেন। বিভিন্ন অজুহাতে নাজমার কাছ থেকে স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নাজমার সঙ্গে দেখা করতে পশ্চিম নাওড়া এলাকায় যান ওই যুবক। তাঁর উপস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন দুজনকে আটক করেন। পরে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। তবে বিয়ের নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র চাইলে যুবকের প্রকৃত পরিচয় প্রকাশ পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের প্রকৃত নাম দুলাল চন্দ্র (৫৩)। তিনি পার্শ্ববর্তী পান্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার অমল চন্দ্রের ছেলে। তাঁর পরিচয় প্রকাশের পর বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। পরে তাঁকে আটকে রাখা হয় বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে ধামশ্রেণি ও পান্ডুল ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। স্থানীয়দের অভিযোগ, যাঁরা ওই দুজনকে আটক করেছিলেন, তাঁদের না জানিয়েই প্রভাবশালী ব্যক্তিরা দুলাল চন্দ্রকে ছেড়ে দেন।
ধামশ্রেণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জিয়াউল হক বাদলসহ অনেকে উপস্থিত ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় শনিবার রাতে উভয় পক্ষের স্বজনদের নিয়ে মীমাংসা করা হয়। নাজমার ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্ত যুবককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত ব্যক্তিদের সামনে ওই টাকা নাজমার স্বজনদের হাতে তুলে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
এদিকে, যুবকের পরিচয় প্রকাশ ও বিয়ের আয়োজন ভেঙে যাওয়ার পর নাজমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে নিজ বাড়ির গোয়ালঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাজমার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে সহিদুল ইসলাম বলেন, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাঁর জানা নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জিয়াউল হক বাদলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, রোববার বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। মৃত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় ‘লাভ জিহাদ’ নিয়ে বিতর্কের প্রসঙ্গ সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই যুবক নিজের ধর্মীয় পরিচয় গোপন করে নাজমা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন।