আন্তর্জাতিক ডেস্ক
দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবারসহ সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন ব্যবস্থায় যোগ্য প্রবাসীরা নিজেদের কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই নির্দিষ্ট পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।
‘গাল্ফ নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার নতুন এ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।
সৌদি সরকারের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ও আবাসনসংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্যতাসম্পন্ন বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে পরিবারের সদস্যদের ভিসা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এর আগে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার ক্ষেত্রে কর্মীর নিজস্ব কর্মসংস্থান ভিসা ও আবাসনসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ ছিল। ফলে কর্মীদের অনেক ক্ষেত্রে নিজেদের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হতো।
নতুন ব্যবস্থায় সেই অপেক্ষার প্রয়োজন কমছে। অর্থাৎ, যোগ্য বিদেশি কর্মীর কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া চলার সময়ই তার যোগ্য পরিবারের সদস্যদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামাসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
বিশ্লেষকদের মতে, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবারসহ সৌদি আরবে স্থানান্তরের প্রক্রিয়া সহজ হলে বিদেশি কর্মীদের ব্যক্তিগত ও পেশাগত স্থিতিশীলতাও বাড়তে পারে।