অনলাইন ডেস্ক
২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণ করে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, মামলা পুনরায় সচল এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রক্ত, কান্না ও নির্মমতার এক কলঙ্কিত অধ্যায়। সেদিন মানুষের জীবনের ওপর যে বর্বরতা চালানো হয়েছিল, তা সভ্য সমাজের বিবেককে আজও নাড়া দেয়।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন দেশব্যাপী তাণ্ডব চালায় বলে তাঁদের অভিযোগ। বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর জনসভায় লগি-বৈঠা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহের ওপর নৃত্য করার যে দৃশ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়েছিল, তা জাতির বিবেককে স্তব্ধ করে দিয়েছিল। নিহতদের পরিবারের সদস্যরা আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলা তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করে বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল। দীর্ঘদিন বিচার না হওয়াকে নিহতদের পরিবারের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব হত্যাকাণ্ডের বিচার আটকে রাখার অজুহাত হতে পারে না।
তিনি বলেন, “আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই; আমরা প্রতিহিংসা চাই না, আমরা হত্যাকারীদের আইনের আওতায় দেখতে চাই।” ড. হামিদুর রহমান আযাদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল, দেশে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটবে। অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত হবে এবং অপরাধীরা আইনের আওতায় আসবে।
তিনি ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলো পুনরায় সচল করে নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পরিশেষে নিহতদের মহান আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল করার দোয়া করেন তিনি। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নিহতদের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।