অনলাইন ডেক্স
বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করে সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটাতে চায় সরকার। এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের শিল্পী, সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, নাট্যকর্মী ও কারুশিল্পীদের সৃষ্টিশীল কাজের যথাযথ মূল্যায়ন এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো গেলে অর্থনীতিতে নতুন একটি শক্তিশালী খাত গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বেসরকারি খাত ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ আয়োজিত ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস: মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি আর্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আলোচনায় শিল্প ও সংস্কৃতি দীর্ঘদিন যথাযথ গুরুত্ব পায়নি। অথচ শিল্প, সংগীত ও থিয়েটার বাঙালির মনন ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। মানুষ এসব ভালোবাসলেও সৃষ্টিশীল কর্মকাণ্ডকে অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি।
তিনি বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে সৃজনশীল শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সেখানে থিয়েটার, শিল্পকলা প্রদর্শনী, নকশাপণ্যের দোকান ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান রাখে। বাংলাদেশেও এ ধরনের পরিবেশ তৈরি করা গেলে শিল্প-সংস্কৃতির বিকাশের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটবে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি অতিথিদের নিয়ে যাওয়ার মতো সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্রিক জায়গার অভাব রয়েছে। এ ধরনের স্থান গড়ে তোলা গেলে দেশের শিল্প-সংস্কৃতির পরিচিতি বাড়বে এবং দর্শনার্থীদের ব্যয়ের মাধ্যমে অর্থনীতিও উপকৃত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওগুলোর অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সরকারের একার পক্ষে সব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়। নীতি ও অর্থায়নের পাশাপাশি উদ্যোগগুলো কার্যকর করতে অংশীদারত্ব জরুরি। এ ক্ষেত্রে থিয়েটারকেন্দ্রিক এলাকা গড়ে তোলা, চলচ্চিত্র ও সংগীতের প্রচার এবং শিল্পকর্মের বাণিজ্যিক মূল্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিল্পীদের কাজের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে আমির খসরু বলেন, সম্প্রতি পাহাড়ি এক শিল্পীর আঁকা কয়েকটি ছবি তিনি কিনেছিলেন। ছবিগুলোর জন্য প্রথমে প্রতিটি পাঁচ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তিনি প্রতিটির দাম ১০ হাজার টাকা দেন। পরে বেঙ্গল ফাউন্ডেশনের মাধ্যমে ওই শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে প্রতিটি ছবির দাম ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ওঠে।তিনি বলেন, যথাযথ পরিচিতি, প্রদর্শনীর সুযোগ ও বাজার তৈরি করা গেলে শিল্পীদের কাজের মূল্য অনেক বাড়ানো সম্ভব। একইভাবে সংগীত, চলচ্চিত্র, থিয়েটার ও কারুশিল্পের ক্ষেত্রেও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে হবে।
কারুশিল্পীদের সহায়তার পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তাঁদের আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নকশা প্রণয়ন, ব্র্যান্ডিং ও অনলাইন বিপণনে সহযোগিতা দেওয়া হবে। এর মাধ্যমে অ্যামাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে তাঁদের পণ্য বিক্রির সুযোগ তৈরি করা সম্ভব হবে।
বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সৃজনশীল শিল্পকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিল্প-সংস্কৃতি কেবল ব্যবসা বা ঐতিহ্যের বিষয় নয়; এটি দেশের ‘সফট পাওয়ার’ বা সাংস্কৃতিক প্রভাব বিস্তারেরও মাধ্যম। বাংলাদেশের সংগীত, চলচ্চিত্র, থিয়েটার ও কারুশিল্প বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া গেলে দেশের নিজস্ব পরিচিতি আরও শক্তিশালী হবে।
আমির খসরু জানান, সৃজনশীল অর্থনীতির বিকাশে বাজেটে অর্থ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্যোগগুলো সফলভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ কাজে বেসরকারি খাত ও এনজিওগুলোও যুক্ত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে সাংস্কৃতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের সমৃদ্ধ শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য দেশের ইতিহাস, মানুষ ও পরিবর্তনের গল্প তুলে ধরে। ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ বইটি বাংলাদেশের আধুনিক ও সমসাময়িক শিল্পকলার বৈচিত্র্য, শিল্পীদের সৃষ্টিশীলতা এবং তাঁদের কাজের পেছনের গল্প তুলে ধরেছে।
তিনি বলেন, শিল্প মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং ভাষা ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে একত্রিত করে। সৃজনশীলতা সংস্কৃতি ও পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার প্রসার, উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখতে পারে।
বাংলাদেশে সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সারাহ কুক বলেন, সৃজনশীলতার মাধ্যমে মূল্য সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের শিল্প, শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগও গুরুত্বপূর্ণ।