অনলাইন ডেস্ক
রাঙামাটির সাজেকে চলমান আন্দোলন ও অবরুদ্ধ পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানের মধ্যস্থতায় দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হবে।
রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হেডম্যান ও কার্বারিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং রাঙামাটির হেডম্যান ও কার্বারিরা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি জানান, সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে কার্বারি অ্যাসোসিয়েশনের নাম জড়িয়ে পড়ায় হেডম্যান ও কার্বারিদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছে প্রশাসন।
তিনি বলেন, সভায় রাঙামাটির তিনজন হেডম্যান ও কার্বারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কার্বারিরাও সম্পৃক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি। গতকাল আন্দোলনকারীদের একটি বিবৃতির মাধ্যমে আলোচনায় বসার আগ্রহের কথা জানা গেছে। এতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ তৈরি হয়েছে।
প্রশাসনের প্রত্যাশা, দ্রুত আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির অবসান হবে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে।