মনপুরা (ভোলা) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভোলার মনপুরায় র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজি। সঞ্চালনা করেন শুরা সদস্য হাফেজ মাওলানা মতিউর রহমান নিজামী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনপুরা উপজেলা সভাপতি মাওলানা ইউনুস মেম্বার, উপজেলা কর্মপরিষদ সদস্য ও ২নং হাজিরহাট ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় আমাদের যেসব ভাই শহীদ হয়েছেন, তাঁদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউনুস মেম্বার বলেন, “২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় ভবিষ্যতে তারা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।” তিনি ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আলাউদ্দিন ফরাজি বলেন, ”২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মো. জামাল উদ্দিন ফরাজী, ১ নম্বর মনপুরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহ ইমরান চৌধুরী, ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মো. ওলিউল্যাহ, মনপুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইলিয়াছ, হাজিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. কাউসার এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল হক আব্বাসীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।