পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ

Date: 2026-10-28
news-banner

অনলাইন ডেস্ক

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদ ও খুনিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তাহলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে তা প্রমাণ করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “সরকার যদি সত্যিকার ফ্যাসিবাদ ও খুনিদের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে ২৮ অক্টোবরের খুনিদের গ্রেপ্তার করে প্রমাণ করুক তারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তা না হলে বুঝব, সেদিন তলে তলে তাদের সঙ্গে আপনাদের খাতির ছিল।”

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ওই সময় বিএনপিসহ চারদলীয় জোট সরকার ক্ষমতায় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের অধীনে থাকা সত্ত্বেও সেদিনের সহিংসতা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পল্টনে জামায়াতের সমাবেশে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল। তার অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে হামলা চালিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা করা হয়।

গোলাম পরওয়ার দাবি করেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলার চার্জশিট গায়েব করে দেওয়া হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটি পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে হবে এবং তাঁদের বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় প্রাণহানি ঘটলেও জামায়াতের নেতাকর্মীদের আন্দোলন থামানো যায়নি।

তিনি অভিযোগ করেন, সেদিন ঢাকায় ১৪ জনকে হত্যা করা হয়েছিল। তাঁর দাবি, অতীতের রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।

বক্তব্যে বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে একসময় যারা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেন, তাঁদের বিরুদ্ধেও এখন আওয়ামী লীগের বিকল্প হিসেবে আবির্ভূত হওয়ার অভিযোগ উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, ২৮ অক্টোবরের শহীদদের আত্মত্যাগ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা নিতে হবে। ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং দেশের রাজনৈতিক ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামসহ অন্যান্য নেতারা।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিস সম্পাদক কামরুল আহসান হাসান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত। ওই ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে উঠে এসেছে। সমাবেশে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, মামলা পুনরুজ্জীবিত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

advertisement image

Leave Your Comments