ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো আন্দোলনের ডাক রিজভীর

Date: 2026-10-28
news-banner

অনলাইন ডেস্ক

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে কেবল নরম সুরে কথা বলে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, কূটনৈতিক তৎপরতা এবং রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জাতীয় পানিসম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, তিস্তা নদী সুরক্ষা আন্দোলন এবং বাংলাদেশি প্রফেশনালস যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং উজানে বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের নদী ও পরিবেশ সংকটের মুখে পড়েছে। ভারত নিজের দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে পানি বণ্টন নিয়ে আইনি লড়াই চালালেও অন্য দেশের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করতে দ্বিধা করছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার প্রশ্নে বাংলাদেশ অনেক সময় নরম সুরে কথা বলে। কিন্তু এভাবে কোনো সুফল পাওয়া যাবে না। এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক লড়াই জোরদার করতে হবে।

১৯৭৭ সালের পানি চুক্তির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই চুক্তিতে পানির সুনির্দিষ্ট নিশ্চয়তাসংক্রান্ত ধারা ছিল। কিন্তু ১৯৯৬ সালে তা কেন বাদ দেওয়া হলো, সেই প্রশ্নের জবাব খুঁজতে হবে। তাঁর মতে, জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান না নিলে বাংলাদেশকে বারবার ছাড় দিতে হবে।

ফারাক্কা ও গজলডোবা ব্যারাজের প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে পদ্মা ও তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী নাব্যতা হারাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর।

বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্ষার পানি ধরে রাখতে পারলে শুষ্ক মৌসুমে তা কৃষি ও দেশের অন্যান্য প্রয়োজন মেটাতে কাজে লাগানো সম্ভব। পদ্মা ও তিস্তায় পানিপ্রবাহ কমে যাওয়ার প্রভাব হিসেবে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়া এবং নদীতে চর জেগে ওঠার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

রিজভীর মতে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, কৃষি খাতের সুরক্ষা এবং দেশের পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার জন্য পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নদী ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি প্রকৌশলী বিএম আব্বাসের গবেষণামূলক গ্রন্থ এবং ব্রিটিশ আমলের প্রকৌশলী কপিল ভট্টাচার্যের সতর্কবার্তার কথা উল্লেখ করেন। নদীর স্বাভাবিক প্রবাহে অপরিকল্পিত হস্তক্ষেপের কারণে সৃষ্ট পরিবেশগত সংকট থেকে শিক্ষা নিয়ে কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপির সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

advertisement image

Leave Your Comments