ভাড়া টিনসেডে ডাকঘর, লোকবল সংকটে সেবাবঞ্চিত মনপুরাবাসী, ৫ বছরেও শেষ হয়নি ভবনের কাজ

Date: 2026-10-08
news-banner
মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিজস্ব ভবন না থাকায় বছরের পর বছর ধরে ভাড়া করা জরাজীর্ণ আধাপাকা টিনসেডের ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম। দীর্ঘদিন ধরে স্থায়ী অবকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

উপজেলার একমাত্র প্রধান ডাকঘরটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভাড়া ঘরে পরিচালিত হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজ করতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো ও লোকবল না থাকায় আধুনিক ও ডিজিটাল সেবাও পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না।
ডাকঘরের দায়িত্বে থাকা পোস্ট মাস্টার মো. আবু তাহের জানান, ঝুঁকিপূর্ণ টিনসেডের ঘরে অফিস কার্যক্রমের পাশাপাশি তাদের রাতও কাটাতে হয়। বিশেষ করে বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় আতঙ্ক বেড়ে যায়।

তিনি বলেন, স্কুল, মাদ্রাসা, কলেজ ও ভোকেশনালের পরীক্ষার সময় এসএসসি, এইচএসসি, সমমান ও ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র ডাকঘরের এই টিনসেড ঘরেই সংরক্ষণ করতে হয়। কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কী হবে, তা নিয়ে ওই সময় বেশি আতঙ্কে থাকতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে নদীভাঙনের কারণে মনপুরা ডাকঘরের তিনতলা ভবনটি ভেঙে ফেলা হয়। এরপর থেকেই নিজস্ব ভবন ছাড়াই ভাড়া করা ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম। বর্তমানে স্থানীয় রফিকুল ইসলামের কাছ থেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাড়ায় একটি আধাপাকা টিনসেড ঘর নিয়ে ডাকঘরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে ডাকঘরের জন্য নতুন পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ সময়েও কাজ শেষ হয়নি। ২০২১ সালে দেড়তলা ভবন নির্মাণের কাজ শুরু হলেও প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ সম্পন্ন হয়নি। সরেজমিনে দেখা যায়, মনপুরা পাওয়ার হাউসসংলগ্ন ছোট একটি জরাজীর্ণ আধাপাকা টিনসেড ঘরে চলছে ডাকঘরের কার্যক্রম। ঘরের ভেতরে রয়েছে দুটি কাঠের টেবিল, দুটি পুরোনো ও ভাঙাচোরা আলমারি এবং চারটি চেয়ার। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ডাক বিভাগের বিভিন্ন কাগজপত্র। ঘরটির সামনের অংশে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয়, আর পেছনের অংশে রাত কাটান কর্মকর্তা-কর্মচারীরা।

পোস্ট মাস্টার, পোস্টম্যান ও প্যাকারম্যানকে সীমিত পরিসরে সরকারি চিঠিপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ডাকঘরে চিঠিপত্র ও সীমিত পরিসরে মানি অর্ডার ছাড়া তেমন কোনো সেবা পাওয়া যায় না। অথচ ডাক বিভাগের আওতায় চিঠি, পার্সেল, মানি অর্ডার ও ইলেকট্রনিক মানি অর্ডারসহ বিভিন্ন সেবা দেওয়ার সুযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কয়েকজন জানান, ডাকঘর থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় তারা বাধ্য হয়ে বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করছেন। ঝুঁকিপূর্ণ টিনসেড ঘরের কারণে অনেকে ডাকঘরের মাধ্যমে পার্সেলও পাঠাতে চান না। অন্যদিকে মানি অর্ডারের খরচ বেশি হওয়ায় অনেকে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবা ব্যবহার করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন না থাকায় মনপুরার ডাকঘরটি আধুনিক সেবা থেকে পিছিয়ে রয়েছে। ডিজিটাল যুগে যেখানে দেশের অন্যান্য এলাকায় ডাক বিভাগের বিভিন্ন অনলাইন ও প্রযুক্তিনির্ভর সেবা চালু হয়েছে, সেখানে মনপুরায় এখনো অনেকটা পুরোনো পদ্ধতিতেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পোস্ট মাস্টার মো. আবু তাহের বলেন, “স্থায়ী পাকা ভবন না থাকায় আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। পাশাপাশি লোকবল সংকটও রয়েছে। নতুন পাকা ভবনের নির্মাণকাজ চলমান। ভবনটি চালু হলে সেখানে আইসিটি কর্নার থাকবে। তখন আমরা আরও আধুনিক ও ডিজিটাল সেবা দিতে পারব।”

স্থানীয়দের দাবি, দ্রুত নির্মাণাধীন ডাকঘরের ভবনের কাজ শেষ করে সেখানে কার্যক্রম স্থানান্তর করা হোক। পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে মনপুরার মানুষকে ডাক বিভাগের পূর্ণাঙ্গ ও আধুনিক সেবা নিশ্চিত করা হোক।
advertisement image

Leave Your Comments