লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধে গুলি করে হত্যা খোরশেদ আলম

Date: 2026-10-29
news-banner

অনলাইন ডেক্স

লক্ষ্মীপুর সদর উপজেলার দিলশাদপুর গ্রামে মাটির ব্যবসা কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে প্রেমা আক্তার (১৯) জানান, বাবা ডাব খাচ্ছিলেন। এ সময় তিনজন এসে লাথি মেরে তার হাত থেকে ডাব ফেলে দেয়। এরপর দুজন তাকে মাটিতে শুইয়ে দুই হাত চেপে ধরে এবং আরেকজন বুকের ওপর থেকে শার্ট ছিঁড়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।

খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইটভাটায় মাটি বিক্রির ব্যবসা করতেন। পরিবারের অভিযোগ, এই ব্যবসা নিয়ে বিরোধ থেকেই তাকে হত্যা করা হয়েছে। মেয়ের দাবি, গুলি করা ব্যক্তির নাম মো. ওয়ালিদ।

ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি গুলি উদ্ধার করেছে। এর মধ্যে দুটি খালি খোসা ও একটি অব্যবহৃত। নিহতের বুকে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় খোরশেদের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় মো. ওয়ালিদ, মো. সোহাগসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।

পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন দিলশাদপুর গ্রামের ইব্রাহিম ছোট্টু (৪৪) ও রাধাপুর গ্রামের মাসুদ রানা (২৬)।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ ও পদ্ধতি নিয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

advertisement image

Leave Your Comments