পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Date: 2026-10-29
news-banner

অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম সার্জেন্ট ও ৪৩তম সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের শাসন নিশ্চিত করতে হবে। চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্ব একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি।

তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ব্রিটিশ আমলের পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে অপরাধীর মনে ভয় এবং নিরপরাধ মানুষের মনে প্রশান্তি তৈরি হয়।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল ও সাইবার অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের তাগিদ দেন। একই সঙ্গে মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নবীন পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আইনের প্রতি অবিচল আস্থা, নাগরিকদের প্রতি দায়িত্ববোধ ও জবাবদিহিতা হতে হবে তাঁদের কাজের মূল ভিত্তি।

অনুষ্ঠানে ২৭তম সার্জেন্ট ব্যাচের ৮৪ জন পুরুষ সদস্য এবং ৪৩তম এসআই ব্যাচের ১৬২ জন সদস্য অংশ নেন। এসআই ব্যাচের সদস্যদের মধ্যে পাঁচজন নারী ও ১৫৭ জন পুরুষ রয়েছেন। প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনের হাতে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাইনুল হাসান বিপিএম, পিপিএম, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন সরকার রাজনৈতিক ও প্রশাসনিক পটপরিবর্তনসহ বিভিন্ন কারণে ১২০ জন সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টরসহ মোট ৩২৭ জনকে চাকরিচ্যুত করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পুনর্বাসন যাচাই কমিটির পর্যালোচনা শেষে তাঁদের মধ্য থেকে ৮৪ জন সার্জেন্ট এবং পাঁচজন নারীসহ ১৬২ জন এসআইয়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁরা বিভিন্ন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

advertisement image

Leave Your Comments