ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপির ফয়সল আমীন বিজয়ী

Date: 2026-10-29
news-banner

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মির্জা ফয়সল আমীন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র ছিল।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্য আসনে উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

advertisement image

Leave Your Comments