অনলাইন ডেস্ক
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব, ব্যয়ের হিসাব ও মতামত পর্যালোচনা করে নতুন মূল্যহার নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে দিনব্যাপী এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি এলপিজি কোম্পানি, অপারেটর, পরিবেশক, খুচরা বিক্রেতা, অটোগ্যাস স্টেশন, ভোক্তা অধিকার সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেয়।
বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ গণশুনানির আয়োজন করা হয়।
শুনানিতে সরকারি এলপিজি কোম্পানি এলপি গ্যাস পিএলসি, বেসরকারি আবেদনকারী এবং এলপিজি অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে বিভিন্ন ব্যয়ের হিসাব ও মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব তুলে ধরা হয়। অটোগ্যাস স্টেশনগুলোর পক্ষ থেকেও প্রস্তাব উপস্থাপন করা হয়।
কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন দল এলপিজির মূল্য নির্ধারণের আইনগত ভিত্তি, কমিশনের দায়িত্ব এবং দাম নির্ধারণে বিবেচ্য বিভিন্ন উপাদান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ভোক্তা এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলো নিজেদের মতামত ও পর্যবেক্ষণ জানান।
শুনানি শেষে বিইআরসির চেয়ারম্যান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোকে লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর পর্যন্ত কমিশনের কাছে এসব মতামত পাঠানো যাবে।
কমিশন জানিয়েছে, আবেদনকারীদের প্রস্তাব, কারিগরি মূল্যায়ন দলের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনা করে সরকারি ও বেসরকারি এলপিজির নতুন মূল্যহার নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ করা হবে।
দেশে রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপিজির দাম নিয়ে ভোক্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে। বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগও রয়েছে।
এলপিজির মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, ডলারের বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয়, অপারেটরদের অন্যান্য খরচ এবং বিপণন পর্যায়ের ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন এবং নির্ধারিত দাম বাস্তবায়নের বিষয়টিও ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ।
এ অবস্থায় নতুন মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর ব্যয়ের যৌক্তিকতা যাচাই এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে গণশুনানিতে অংশগ্রহণের ভিত্তিতে এখনো নতুন মূল্যহার ঘোষণা করা হয়নি।