মনপুরায় ভিটি বরাদ্দ নিয়ে উত্তেজনা, দোকানপাট বন্ধের ঘোষণা

Date: 2026-10-30
news-banner

নিজস্ব প্রতিবেদক, মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় উপজেলা পরিষদের ভিটি বরাদ্দের প্রতিবাদে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। বরাদ্দ কার্যক্রমকে অবৈধ দাবি করে তা অবিলম্বে বন্ধের দাবিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তাঁরা।

বুধবার (২৮ অক্টোবর) রাতে হাজিরহাট বাজার কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৬ অক্টোবর লটারির মাধ্যমে ৭০টিরও বেশি ভিটি নতুন করে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। এ উদ্যোগের প্রতিবাদে ওই দিন সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বাজারের ব্যবসায়ীরা।

পরে স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ভিটি বরাদ্দ কার্যক্রম স্থগিত করা হয় বলে জানা গেছে।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, ইউএনও প্রকাশ্যে বরাদ্দ কার্যক্রম বন্ধ রাখার কথা বললেও গোপনে তা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁদের দাবি, ভিটি বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কার্যালয়ে ডেকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার নির্দেশ দেওয়া হচ্ছে।

ব্যবসায়ী নেতারা বলেন, ভিটি বরাদ্দ কার্যক্রম বন্ধ রাখা এবং সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে তাঁরা ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবি উপেক্ষা করে পুনরায় বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

advertisement image

Leave Your Comments