অনলাইন ডেস্ক
সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে তা অন্যের কাছে সাবলেট কিংবা ভাড়া দিয়েছেন—এমন বরাদ্দপ্রাপকদের আগামী শনিবার (৩১ অক্টোবর) মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাসের নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের পরও কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাঁদের নামে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।
এ অবস্থায় যাঁরা সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট কিংবা ভাড়া দিয়েছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত বাসায় নিজে বসবাস করতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।