লালমোহনে যুবদল নেতা সরকারি ৪শ’ গাছ কেটে

Date: 2026-10-30
news-banner

মজুদ করেছেন শ্রমিক লীগ নেতার করাত কলে

 লালমোহন (ভোলা)  উপজেলা প্রতিনিধি 

ভোলার লালমোহনে কর্তৃপক্ষের  অনুমতি ছাড়াই রাস্তার পাশের চারশতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।  সম্প্রতি রমাগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন দিন-রাত এসব গাছ কেটে মজুদ করেছেন ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনের করাত কল, পাশের মাঠ ও বাগানে। বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের নাকের ডগায় বসে এমন অপকর্ম চললেও  কোন আইনী ব্যবস্থা নেয়নি তারা। অভিযুক্ত জসিম উদ্দিন রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় মুখ খোলার সাহস পাচ্ছে না এলাকাবাসী । তবেপ্রশাসনের এমন নিস্ক্রীয় ভূমিকায় ক্ষুদ্ধ সচেতন মহল।
বুধবার দুপুরে লালমোহন উপজেলার কর্তারহাট বাজার থেকে রায়চাঁদের রাস্তা ধরে সামনে এগুলেই দেখাযায় গাছ কাটার মহোৎসব। রাস্তার দুই পাশে পড়ে আছে পড়ে আছে অসংখ্য গাছের গুড়ি।  সদ্য কেটে নেওয়া শত শত গাছের গোড়া এখনও দৃশ্যমান। রাস্তার পাশের বাসিন্দা ও পথচারী কেউ মুখ খুলতে চান না এ বিষয়ে। জনৈক খোরশেদ আলম বলেন, গত কয়েকদিন ধরে দিন রাত ২৪ ঘন্টা এসব গাছ কেটে নিতে দেখেছি। বড় বড় ভেকু (স্কেভেটর) দিয়ে পুরো গাছ তুলে নিয়েছে। কে, কিভাবে এ গাছ কেটেছে ইউনিয়নের সবাই জানে কিন্তু নাম বলবে না। আমরা তো ভেকু চালক ও শ্রমিকদের দেখেছি। এর পিছনে যারা আছেন তাদের নাম বলে সামলানোর ক্ষমতা আমাদের নাই। তাই নাম বলে বিপদে পড়তে চাই না। 
কর্তারহাট বাজারের পূর্ব পাশের এক করাত কলেও রাস্তার পাশ থেকে কাটা বেশকিছু গাছের গুড়ি দেখা গেছে। করাত কলের পাশে উপস্থিত ১০/১২ জন এলাকাবাসী সবাই সমোস্বরে জানান, একদল মানুষ রাস্তার গাছগুলো কেটে নিয়েছে। তাদের সবাই চিনেন কিন্তু নাম বলতে নারাজ।  নাম গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি জানান,  কর্তৃপক্ষের কোন অনুমতি  কিংবা টেন্ডার ছাড়াই এসব কেটে নেন রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। স্থানীয়রা আরও জানান, অক্টোবর মাসের শুরুর দিকে রাস্তা সংস্কারের কথা বলে ১০ -১৫টি গাছ কাটা হয় । পরবর্তীতে গত সপ্তাহ থেকে স্কেভেটর মেশিন দিয়ে দিন রাতে প্রায় ৪শ’ গাছ কেটে রায়চাঁদ বাজারের  রমাগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনের  স্ব-মিলে রেখেছে। কর্তারহাট থেকে পূর্বদিকে রায়ঁচাদ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে গাছ কেটে নেয়ার অসংখ্য চিহ্ন দেখা যায়। 
রায়চাঁদ বাজার ব্রিজের পূর্ব পাশের করাত কলে গিয়ে দেখা যায়, সদ্য কাটা গাছের স্তুপ। এর মধ্যে মেহেগিনি, রেইনট্রি ও চাম্বুল গাছ বেশি। স্বমিলের দক্ষিণ পাশের বাগান ও বিলের মধ্যেও বিপুল সংখ্যক গাছের গুড়ি স্তুপ করে রাখা।  প্রশাসনের কর্মকর্তারা আসার খবরে করাতকল মালিক তালা মেরে আত্মগোপনে চলে যান। পাশের রাস্তায় মালিকের ছেলে মো. মনিরের সাথে দেখা হলেও তিনি মালিকানার বিষয়টি অস্বীকার করে বলেন, গাছ কাটার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। তবে উপস্থিত এলাকাবাসী জানান, জসিম উদ্দিনের কাছ থেকে মনির ওইসব গাছ কিনে রেখেছেন। 
এদিকে গাছ কাটার বিষয়ে প্রশাসনের নিস্ক্রীয়তা নিয়ে গত দুই দিন সামাজিক মাধ্যমের সমালোচনার মুখে বুধবার দুপরে সরেজমিন পরিদর্শনে যান লালমোহন উপজেলা নির্বাহী অফিসার, এলজিইডির প্রকৌশলী ও বন  বিভাগের রেঞ্জার । গাছ কাটা ও স্বমিলে স্তুপ করে রাখার প্রমান নিজ চোখে দেখেন তারা। পরিদর্শন শেষে নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, গাছ কাটার  অভিযোগ পেয়ে তারা সরেজমিনে এসে পরিস্থিতি দেখেছেন।  যাচাই বাছাই ও পর্যালোচনা করে আইনী ব্যবস্থা নিবেন। গাছগুলো কোন দপ্তরের এবং গাছ কাটার সাথে কারা জড়িত তা চিহ্নিত করার কাজ চলছে।  
উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের টেন্ডার দিলেও গাছ কাটার কোন অনুমতি বা টেন্ডার তারা দেননি। বনবিভাগ লালমোহনের রেঞ্জার আবদুল্লাহ আল মামুন জানান, ইউএনও সহ তারা সরেজমিন দেখেছেন। এ বিষয়ে তিনি ( ইউএনও) যা বলার বলবেন। তবে গাছ টেন্ডার বা কাটার কোন অনুমতি বনবিভাগ দেয়নি বলেও তিনি জানান। 
অভিযুক্ত যুবদল নেতা জসিম উদ্দিন সাংবাদিকদের কাছে গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। সে কারণে রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। কে বা কারা কাছ কেটে নিয়েছে এ বিষয়ে তিনি এড়িয়ে যান। 
কর্তারহাট থেকে রায়চাদ পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে ৫০ বছরের পুরনো সহস্রাধিক গাছ রয়েছে। এর মধ্যে কেটে ফেলা ৪শ’ গাছের বাজার দাম প্রায় ৫০ লাখ টাকা বলে স্থানীয়রা জানান।
advertisement image

Leave Your Comments