তাহসিফ সাউরি হত্যা মামলা: জেরিকা তাসনিসের ৪ দিনের রিমান্ড

Date: 2026-11-01
news-banner

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) জেরিকা তাসনিস দিশাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরখান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামে তাহসিফের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তিনি। রাতে বাসায় না ফেরায় তার মা একাধিকবার ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা জানান।

এজাহারে আরও বলা হয়, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে তার মায়ের কাছে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’ তবে রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি বাসায় ফেরেননি।

পরে ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নৌপুলিশের মাধ্যমে খবর পান তাহসিফের বাবা। উত্তরখানের রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।

সূত্র: বাসস

advertisement image

Leave Your Comments