শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, ছুটি ঘোষণা একাধিক কারখানায়

Date: 2026-11-03
news-banner

অনলাইন ডেস্ক

শ্রমিকদের বিক্ষোভের মুখে আজ মঙ্গলবারও স্বাভাবিক হয়নি ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম। সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও কাজ শুরু না করে বিক্ষোভে অংশ নেন। এ পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে।


ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নিট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপ।


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও কাজ না করে বিক্ষোভ শুরু করেন। এমন পরিস্থিতিতে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।


তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গত কয়েক দিন ধরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এ দাবিতে রাজধানীর মিরপুর, সাভার ও আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল এবং নারায়ণগঞ্জে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।


এ সময় বিভিন্ন স্থানে কারখানা ভাঙচুর, পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে।


পুলিশের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচটি, গাজীপুরে তিনটি এবং সাভার ও আশুলিয়ায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন।


শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।

advertisement image

Leave Your Comments