অনলাইন ডেস্ক:
রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন এ দাম ঘোষণা করা হয়, যা রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
তবে সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বাজারে এলপিজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। সরবরাহ সংকটের কারণে বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। কোথাও কোথাও অতিরিক্ত টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
বিইআরসির নির্ধারিত নতুন দাম অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। সেই হিসাবে ১১ মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৭৫৪ টাকা, যা প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ।
চলতি বছরের শুরু থেকেই এলপিজির দামে কয়েক দফা পরিবর্তন হয়েছে। জানুয়ারিতে ১ হাজার ৩০৬ টাকা থেকে ফেব্রুয়ারিতে দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৫৬ টাকা। মার্চে ১৫ টাকা কমে হয় ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে আরও ২১২ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকা।
এরপর জুনে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়। আগস্টে ৭০ টাকা বেড়ে দাম হয় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমে দাঁড়ায় ১ হাজার ৫৮৫ টাকা। তবে অক্টোবরে ২৫২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সর্বশেষ নভেম্বর মাসে আরও ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে।
দামের এই হিসাব অনুযায়ী, জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল বছরের সর্বনিম্ন। এরপর মাত্র চার মাসে সরকারি নির্ধারিত দাম বেড়েছে ৫৩২ টাকা, যা প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশ।
এদিকে সরকারি নির্ধারিত দাম ও বাজারের প্রকৃত বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ ভোক্তাদের মধ্যে। তাঁদের অভিযোগ, নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দোকানভেদে দামের পার্থক্যও রয়েছে। অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
ভোক্তারা বলছেন, এমনিতেই সরবরাহ সংকটের কারণে এলপিজি কিনতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে নতুন করে দাম বাড়ায় সংসারের ব্যয় আরও বেড়েছে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ছে।
তাঁদের প্রশ্ন, বিইআরসি দাম নির্ধারণ করলেও বাজারে সেই দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা যাচ্ছে না কেন? নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়েও যদি গ্যাস পাওয়া না যায়, তাহলে দাম নির্ধারণের সুফল সাধারণ মানুষ কীভাবে পাবে?
বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক করা, সরকারি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় বন্ধে কার্যকর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।