পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১৪ দফা দাবি

Date: 2026-11-04
news-banner

নিজস্ব প্রতিবেদক:

পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। এতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। এ সময় হারুনুর রশিদ খাঁন, কবির আহমদ, কামরুন নাহার ও সাহিদা সরকারসহ সংগঠনের অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। একই সঙ্গে নতুন এই মজুরি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করার আহ্বান জানায় সংগঠনটি।

এ ছাড়া গত ১ নভেম্বর গঠিত ছয় সদস্যের মজুরি বোর্ডকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুপারিশ দেওয়ার দাবি জানানো হয়। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও বাজারদর বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ সম্মেলনে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও উৎপাদন ব্যাহত করার ঘটনার নিন্দা জানিয়ে সংগঠনটি এসব কর্মকাণ্ডকে শিল্প ধ্বংসের অপতৎপরতা হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে শিল্পের স্থিতিশীলতা রক্ষায় সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এবং শিল্প ধ্বংসের ষড়যন্ত্র সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাবিগুলো মূলত মজুরি ও বকেয়া পরিশোধ, শ্রমিকদের নিরাপত্তা, সহিংসতার বিচার এবং কারখানার কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা—এই বিষয়গুলোকে কেন্দ্র করে উত্থাপন করা হয়েছে।

১. জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করা।

২. শ্রমিকদের সব ধরনের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করা।

৩. শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।

৪. তৌফিক শেখ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

৫. আন্দোলনে আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

৬. কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা।

৭. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শ্রমিকদের ওপর সব ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধ করা।

৮. গ্রেপ্তার হওয়া নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা।

৯. রাজনৈতিক পরিচয়ে সাধারণ শ্রমিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও নির্যাতন বন্ধ করা।

১০. পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় শিল্পাঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

১১. সমস্যা সমাধানে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে দ্রুত ত্রিপক্ষীয় সংলাপের আয়োজন করা।

১২. আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন, স্বার্থান্বেষী মহল ও উসকানিদাতাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

১৩. বর্তমানে বন্ধ থাকা সব পোশাক কারখানা দ্রুত চালু করা।

১৪. অন্যায় ও বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্ত শ্রমিকদের পুনরায় কাজের সুযোগ সৃষ্টি করা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে পোশাকশিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

advertisement image

Leave Your Comments