অনলাইন ডেস্ক
স্বাধীনতার পর গত ৫৪ বছরে বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এসব সংশোধনীর মধ্য দিয়ে কখনো একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছে, কখনো সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে। আবার নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে চালু হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও একসময় বাতিল করা হয়েছে
। সংবিধানের বারবার পরিবর্তনের পর এবার সংশোধন নাকি সংস্কার—এই বিতর্কের মধ্যেই নতুন করে জটিলতা তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে। ক্ষমতাসীন বিএনপি সংবিধানের অষ্টাদশ সংশোধনীর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে সংবিধান সংস্কারের দাবিতে থাকা বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এ প্রক্রিয়া বর্জন করে গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছে।
নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি কী হবে, সে বিষয়ে বিএনপি এখনো স্পষ্ট অবস্থান জানায়নি। বিরোধী দল বলছে, জুলাই সনদে উল্লেখিত পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত না হলে রাজপথে আন্দোলনে যেতে পারে তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে অতীতেও রাজনৈতিক বিরোধ রাজপথে সংঘাতের জন্ম দিয়েছিল। ২০০৬ সালের রাজনৈতিক অস্থিরতার পর দেশে এসেছিল সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ফলে নতুন করে এ ইস্যুতে মতবিরোধ তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সমকালকে বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময়ই কিছু মৌলিক ত্রুটি ছিল।
প্রক্রিয়ায় সবাইকে সম্পৃক্ত করা হয়নি। পরবর্তী সংশোধনীগুলোর মাধ্যমে সংবিধানে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাও ক্রমে সংকুচিত হয়েছে। তাঁর মতে, জুলাই সনদের প্রস্তাবগুলো ন্যূনতম সংস্কারের উদ্যোগ। এসব বাস্তবায়িত না হলে সংবিধানকে গণতান্ত্রিক কাঠামোয় ফিরিয়ে আনা কঠিন হবে। জাতীয় ঐকমত্য কমিশন ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে সংবিধানবিষয়ক ৪৮টি সংস্কার প্রস্তাব তৈরি করে, যা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৩০টি প্রস্তাবে সব দলের ঐকমত্য ছিল। বাকি প্রস্তাবগুলোতে ঐকমত্য না হওয়ায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়।
গণভোটে ৬৮ দশমিক ৫ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দেন। জুলাই আদেশে বলা হয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদে নির্বাচিত সদস্যরাই এ পরিষদের সদস্য হবেন। পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদে বর্ণিত পদ্ধতিতে সংবিধান সংশোধন, সংসদের উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠনের পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তবে নির্বাচনের পর বিএনপির সংসদ সদস্যরা জুলাই আদেশকে অবৈধ দলিল আখ্যা দিয়ে এ-সংক্রান্ত শপথ নেননি। অন্যদিকে বিরোধী দলের সদস্যরা শপথ নিলেও সংস্কার বাস্তবায়নের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ১৭ সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। এতে বিরোধী দলের পাঁচজন সদস্য থাকার কথা থাকলেও তারা কমিটিতে যোগ দেননি। তাদের যুক্তি, গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিরোধী দলকে একাধিকবার কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি স্পষ্ট করেছেন, সংস্কার নয়, সংবিধান সংশোধনের মাধ্যমেই পরিবর্তন আনা হবে। আগামী জানুয়ারিতে কমিটি সংসদে প্রতিবেদন জমা দেবে। এরপর সংসদে আলোচনা শেষে অষ্টাদশ সংশোধনী পাসের উদ্যোগ নেওয়া হবে।
কমিটির প্রাথমিক খসড়ায় সংসদের উচ্চকক্ষের আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নয়, বরং সংসদে আসনসংখ্যার অনুপাতে বণ্টনের প্রস্তাব রয়েছে। সংরক্ষিত নারী আসনের মতো পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সম্পৃক্ততা না রাখার প্রস্তাবও আলোচনায় এসেছে। অন্যদিকে গণভোটে অনুমোদিত জুলাই সনদে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, বিএনপি সংশোধনের নামে শেখ হাসিনার আমলের সংবিধান ফিরিয়ে আনতে চাইছে। জুলাই সনদে সই করার সময় উচ্চ আদালতে বিচারক নিয়োগসহ বিভিন্ন সংস্কার প্রস্তাবে ভিন্নমত না দিলেও এখন সেগুলো মানছে না দলটি। তাঁর অভিযোগ, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার প্রস্তাব উপেক্ষা করে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত রাখার চেষ্টা চলছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সমকালকে বলেন, ১৯৭২ সালে আওয়ামী লীগ যেমন একতরফাভাবে সংবিধান প্রণয়ন করেছিল, বিএনপিও একইভাবে সংশোধনের উদ্যোগ নিচ্ছে। তাঁর মতে, আওয়ামী লীগ ২০১১ সালে বিরোধী দলকে বাইরে রেখে পঞ্চদশ সংশোধনী করেছিল, যা পরবর্তী সময়ে টেকেনি। বিএনপির একতরফা সংশোধনও টিকবে না।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদ গঠিত হয়। প্রায় সাত মাসের প্রচেষ্টায় প্রণীত সংবিধান ওই বছরের ৪ নভেম্বর গৃহীত হয়। দিনটি প্রতিবছর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তবে সংবিধান প্রণয়নের এক বছরের মধ্যেই এতে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়।
১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর সংবিধানে ১৪১(ক) অনুচ্ছেদ যুক্ত করে সরকারকে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেওয়া হয়। এ বিধানের মাধ্যমে জরুরি অবস্থায় নাগরিকের মৌলিক অধিকার সীমিত করার সুযোগ তৈরি হয়।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত একদলীয় ব্যবস্থা চালু করা হয়। বাকশাল প্রতিষ্ঠার পর অন্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায়। সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচন ছাড়াই পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হন। সংসদ, সরকার, বিচার বিভাগ ও স্থানীয় সরকারও রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে চলে যায়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ২০ আগস্ট সামরিক শাসন জারি করা হয়। সংবিধান বহাল থাকলেও দেশ পরিচালিত হতে থাকে সামরিক আইনের অধীনে। পরে সামরিক শাসনামলে জারি করা বিভিন্ন ফরমানের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতিতে পরিবর্তন আনা হয়।
১৯৭৯ সালের ৬ এপ্রিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনামলে আনা পরিবর্তনগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। একইভাবে ১৯৮২ সালে সামরিক শাসন জারির পরবর্তী পরিবর্তনগুলো ১৯৮৬ সালের ১০ নভেম্বর সপ্তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়।
পরবর্তী সময়ে আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ঘোষণা করেন। এ ছাড়া হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে স্থাপনের বিধানসংক্রান্ত অষ্টম সংশোধনীর একটি অংশও আদালতে বাতিল হয়। ১৯৯৬ সালে ষষ্ঠ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়। এ পদ্ধতিতে পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়। এর ফলে তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির সঙ্গে যুক্ত ছিলেন।
২০১০ সালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ ৪:৩ সংখ্যাগরিষ্ঠতায় ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন। তবে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, সংসদ চাইলে বিচার বিভাগকে বাদ দিয়ে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করতে পারবে।
এরপর ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। একই সংশোধনীতে গণভোটের বিধান বিলোপ, সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতিতে পরিবর্তন এবং সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ সংশোধন-অযোগ্য করার বিধান যুক্ত করা হয়। এ সংশোধনীর পর অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগ, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পথ তৈরি হয়েছিল।
জুলাই জাতীয় সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য থাকলেও বাছাই প্রক্রিয়ার নয়টি ধাপের দুটি নিয়ে বিএনপির ভিন্নমত রয়েছে। সনদ অনুযায়ী, বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি।
কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে প্রধান উপদেষ্টা পদের যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হবে। প্রতিটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্য একজন করে প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নাম জমা দিতে হবে। কমিটি চাইলে নিজ উদ্যোগেও যোগ্য ব্যক্তির নাম অনুসন্ধান করতে পারবে।
এরপর ৭২ ঘণ্টার মধ্যে কমিটি আলোচনা করে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবে। প্রথম ১২০ ঘণ্টার মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে পরবর্তী ৪৮ ঘণ্টায় সরকারি দল বা জোট পাঁচজন, প্রধান বিরোধী দল বা জোট পাঁচজন এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুজনের নাম প্রস্তাব করবে। এসব নাম স্পিকার প্রকাশ করবেন। পরবর্তী ৪৮ ঘণ্টায় সরকারি দল ও বিরোধী দল একে অপরের প্রস্তাবিত তালিকা থেকে একজন করে বেছে নেবে। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত দুজনের মধ্য থেকেও সরকারি দল ও প্রধান বিরোধী দল একজন করে নির্বাচন করবে। এসব নামের মধ্য থেকে বাছাই কমিটি ৪-১ ভোটে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করবে।
এ প্রক্রিয়াতেও সমাধান না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে বিচার বিভাগের দুজন প্রতিনিধি বাছাই কমিটিতে যুক্ত হবেন। তখন সাত সদস্যের কমিটি র্যাঙ্কড চয়েজ ভোটের মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করবে। জুলাই সনদে বর্ণিত বাছাই প্রক্রিয়ার শেষ দুটি ধাপে বিএনপির আপত্তি রয়েছে। গত মাসে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এ বিষয়ে বিকল্প প্রস্তাবও এসেছে। একটি প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হবে। তিনি সংসদের উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। আরেকটি প্রস্তাবে বলা হয়েছে, সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হবেন এবং তিনিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন।
ওই বৈঠকে অংশ নেওয়া সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সমকালকে বলেন, সংবিধান সংশোধন ও সংস্কার নিয়ে বিতর্কের চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে মতভিন্নতা। অন্তত এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন। অন্যথায় দেশ আবারও পুরোনো রাজনৈতিক সংকটের দিকে ফিরে যেতে পারে।
সংবিধান সংশোধন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর এই বিরোধের কেন্দ্রে এখন নির্বাচনকালীন সরকারব্যবস্থা। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ প্রশ্নে রাজনৈতিক ঐকমত্যের অভাব নির্বাচন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছে। ফলে নতুন করে সংঘাত এড়াতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সমঝোতা কতটা সম্ভব হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।