১০ মাস পর খুলল সেন্টমার্টিন, শুরুতেই বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ

Date: 2026-11-06
news-banner

অনলাইন ডেস্ক:

দীর্ঘ ১০ মাস পর পর্যটকদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিন। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। তবে পর্যটক পরিবহন ও পরিবেশ সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে তদারকির ঘাটতি দেখা গেছে। ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যান না করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের ছেঁড়াদিয়ায় যাতায়াতের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

শুক্রবার পর্যটক পরিবহনের দ্বিতীয় দিনে এমভি বারো আউলিয়ার পাশাপাশি এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে আরও দুটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। পরিবেশ অধিদপ্তরের হিসাবে, তিনটি জাহাজে করে এদিন মোট ১ হাজার ৬১২ জন পর্যটক দ্বীপটিতে গেছেন। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাবে এ সংখ্যা ১ হাজার ৫৩০ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসাবে ১ হাজার ৫৫৪ জন।

শুক্রবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাটে দায়িত্ব পালনকালে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনী জানান, তাঁদের হিসাবে ১ হাজার ৬১২ জন পর্যটক সেন্টমার্টিন গেছেন।

তিনি বলেন, জাহাজে ওঠার সময় ট্যুরিজম বোর্ডের ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যান করা হচ্ছে না। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে পর্যটক গণনা করা কঠিন হয়ে পড়ছে। কিউআর কোড স্ক্যান চালুর জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে। শিগগিরই এটি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পর্যটকবাহী জাহাজ চলাচল ও যাত্রী যাতায়াত নিয়ন্ত্রণে বিশেষ তদারকি কমিটির আহ্বায়ক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সেন্টমার্টিনের বিষয়ে সরকারের একাধিক নির্দেশনা পরিবর্তন হয়েছে। এ ছাড়া তদারকি কমিটির বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসেনি।

আগের সিদ্ধান্ত অনুযায়ী তদারকি কমিটির কার্যক্রম বহাল আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেন্টমার্টিনের বিষয়ে সবাই সমন্বিতভাবে কাজ করছেন। এদিকে শুক্রবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ।

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত প্রতিবেশগত সংকটাপন্ন দ্বীপ ছেঁড়াদিয়ায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিদিন সেখানে যাচ্ছেন পর্যটকরা।

শুক্রবার সকাল ১০টার দিকে ছেঁড়াদিয়ায় গিয়ে বিভিন্ন স্থানে পর্যটকদের ঘোরাফেরা করতে দেখা যায়। দ্বীপজুড়ে ছড়িয়ে থাকা পাথরের স্তূপে দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকে। কেউ কেউ মুঠোফোনে ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন। সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী, রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ।

এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালের ক্ষতি হয়—এমন যেকোনো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব বিধিনিষেধ বাস্তবায়নে কার্যকর নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। দ্বীপের নীল সমুদ্র, প্রবাল পাথর ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন নানা বয়সী মানুষ। প্রথমবার সমুদ্র দেখতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন তামান্না রহমান। তিনি বলেন, জীবনে প্রথমবার সমুদ্র দেখতে এসেছেন। সেন্টমার্টিনের মতো সুন্দর জায়গায় আসতে পেরে তিনি ভীষণ আনন্দিত। দ্বীপে এসে ফুল উপহার পাওয়ায় তাঁর আনন্দ আরও বেড়েছে।

আরেক পর্যটক ফারাহ খানম বলেন, এখানকার নীল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য অসাধারণ। সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেক ছবি তুলে এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে চান তিনি।

সেন্টমার্টিন দ্বীপের হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেফায়েত উল্লাহ জানান, পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং নির্বিঘ্নে দ্বীপে চলাফেরা ও যথাযথ সেবা পান, সে বিষয়ে তাঁরা নজরদারি করছেন। পর্যটকরা স্বাচ্ছন্দ্যে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকদের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরলেও দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন এবং কার্যকর তদারকি নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

advertisement image

Leave Your Comments