৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার ডাক শফিকুর রহমানের

Date: 2026-11-06
news-banner

অনলাইন ডেস্ক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহিদের বিপ্লবে জনগণ তাকবির ধ্বনি দিয়ে সংহতি জানিয়েছিল। এ দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ৭ নভেম্বর ভোরে সিপাহিরা সংগঠিত হয়ে ট্যাংক নিয়ে রাস্তায় নামলে মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া মানুষ তাকবির ধ্বনি দিয়ে তাঁদের স্বাগত জানান। সেই ধ্বনি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। সিপাহিরা বিপ্লব সংঘটিত করেছিলেন, আর জনগণ তাতে সংহতি প্রকাশ করেছিল। এ কারণেই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে অন্যায়, স্বৈরাচার ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনা। এ চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মনের ভাষা বুঝে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

১৯৭৫ সালের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, ওই বছরের ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে নানা রাজনৈতিক ও সামরিক ঘটনা ঘটে। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান হলে জিয়াউর রহমানকে বন্দি করা হয়। ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিনি বন্দি ছিলেন। ৭ নভেম্বর সিপাহিরা তাঁকে মুক্ত করেন। সেনাবাহিনীর মধ্যে অসন্তোষের অন্যতম কারণ ছিল সেনা কর্মকর্তাদের যথাযথ সম্মান না দেওয়া।

তিনি আরও বলেন, ১৯৭২ সালে তৎকালীন সরকার প্রায় সব ইসলামী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। অথচ এসব সংগঠন ১৯৭০ সালের নির্বাচনে অংশ নিয়েছিল এবং নির্বাচনের আগে তাদের কার্যক্রম চালানোর আশ্বাস দেওয়া হয়েছিল। রক্ষীবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। তাঁর দাবি, এ বাহিনীর হাতে ৩৪ হাজার মানুষ নিহত হন, যাঁদের মধ্যে ১০ হাজার মুক্তিযোদ্ধাও ছিলেন।

সিরাজ সিকদারকে বিচারবহির্ভূতভাবে হত্যা, নির্যাতন, ব্যাংক লুট এবং তৎকালীন শাসনামলের বিভিন্ন অনিয়মের বিষয়ও বক্তব্যে তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। এ সময় সংবাদমাধ্যমের স্বাধীনতাও সংকুচিত করা হয় এবং চারটি সংবাদপত্র ছাড়া অন্য সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের যে গণতান্ত্রিক প্রত্যাশা ছিল, তা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯০ সালের আন্দোলন ছিল স্বৈরশাসন, দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে জনগণের আন্দোলন। গণআন্দোলনের মুখে এরশাদকেও ক্ষমতা ছাড়তে হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না এবং দেশে আবার কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, যার মধ্যে ২০টি বাতিল করা হয়েছে। এসব অধ্যাদেশের কিছু বাস্তবায়িত হলে ফ্যাসিবাদী ব্যবস্থা ঠেকানোর সুযোগ তৈরি হতো বলে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও দুর্নীতি দমন কমিশনে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তাঁর মতে, এ ধরনের নিয়োগের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংসদকে কার্যকর করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ন্যায়সংগত বিষয়ে বিরোধী দল সহযোগিতা করবে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

র‌্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরে নতুন নাম ও কাঠামোয় একই বাহিনী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু নাম পরিবর্তন করে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। দেশপ্রেমিক ও যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন বাহিনী গঠন করতে হবে এবং বর্তমান সদস্যদের নিজ নিজ বাহিনীতে ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সাত দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি মানসিকতা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কৃতিত্ব জামায়াতে ইসলামী দাবি করে না; বরং দলটি এ আন্দোলনকে আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত মনে করে। আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দলটি দাঁড়িয়েছে, সেখানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি বলেও জানান তিনি।

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপসহীন থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আপস করা যাবে না। আধিপত্যবাদবিরোধী অবস্থান নিতে হবে এবং দেশের স্বার্থবিরোধী চুক্তি প্রত্যাখ্যান করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭ নভেম্বর শুধু একটি সামরিক ঘটনা ছিল না; একদলীয় শাসনব্যবস্থা ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে এ ঘটনা ঘটেছিল। জনগণের ভোটাধিকার, গণভোটের রায় ও জুলাই সনদকে সম্মান জানাতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতার পর সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। ৭ নভেম্বর একদলীয় শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন। কিন্তু এখনো চাঁদাবাজি, দুর্নীতি, বাজার সিন্ডিকেট ও দলীয় নিয়ন্ত্রণের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এসব বন্ধ করে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ড. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।

সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা।

advertisement image

Leave Your Comments