৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Date: 2026-11-06
news-banner

অনলাইন ডেস্ক:

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আগামীকাল ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই সঙ্গে দিবসটি উদযাপনে জাতীয়ভাবে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ এবং সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে ওই বিপ্লব ছিল গুরুত্বপূর্ণ প্রতিরোধ।

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত নিয়ে সারাক্ষণ পড়ে থাকা যেমন সমীচীন নয়, তেমনি ভবিষ্যতের পথ নির্মাণে ইতিহাসের শিক্ষা উপেক্ষা করাও ভুল। বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি পরবর্তী সময়ে বিভিন্নভাবে সংগঠিত হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তাঁর অভিযোগ, পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা হয় এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। হাজারো শহিদের আত্মত্যাগ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই শাসনের অবসান ঘটে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ১৯৭৫ সালের ৭ নভেম্বরও সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিহত করেছিল।

ভবিষ্যতে কেউ যেন দেশ ও জনগণের অধিকার হরণ করতে কিংবা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে মনে করেন তিনি। এ অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। এর লক্ষ্য একটি স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন।



সূত্র: বাসস

advertisement image

Leave Your Comments