পুলিশ পরিচয়ে তল্লাশি, সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

Date: 2026-11-07
news-banner

অনলাইন ডেক্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে পুলিশ সদস্য পরিচয় দেওয়া তিন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে গেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা শহরের পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা, কনস্টেবল হানিফ এবং পুলিশের সোর্স জাহিদ। অন্যদিকে, তল্লাশির শিকার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিয়াম ও অর্প।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, টিউশন শেষে রেসকোর্স এলাকার একটি গলি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে যাচ্ছিলেন ওই দুই শিক্ষার্থী। এ সময় তিন ব্যক্তি তাঁদের পথরোধ করে তল্লাশি চালান। তাঁরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে পারেননি। এর পরিবর্তে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখান। এতে সন্দেহ হলে শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান।

শিক্ষার্থী সিয়ামের অভিযোগ, তল্লাশির সময় ওই ব্যক্তিরা তাঁদের পকেটে হাত দেন। পরিচয় জানতে চাইলে তাঁরা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণও করা হয়। তবে এএসআই শ্যামল সাহা বলেন, তাঁরা দুই শিক্ষার্থীর পরিচয় জানতে চেয়েছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেওয়ার পর তাঁদের ছেড়ে দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থীরা পরিচয় জানতে চাইলে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখানো হয় এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা তাঁদের জোর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রশাসন, পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, পুলিশ সদস্যদের পরিচয়পত্র সঙ্গে না রাখা এবং শিক্ষার্থীদের তাঁদের জোর করে ক্যাম্পাসে নিয়ে আসা—দুই পক্ষেরই ভুল ছিল। আলোচনা শেষে উভয় পক্ষ বিষয়টি মেনে নিয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সহকারী পুলিশ সুপার মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে বিষয়টির সমাধান করা যেত। কাউকে বাসে করে নিয়ে আসা কোনোভাবেই কাম্য নয়।

advertisement image

Leave Your Comments