অনলাইন ডেক্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটে যুক্ত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনের পর সংসদে বিরোধী দলের অবস্থানে থাকা এই জোটের শরিকরা একসঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছিল। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। যদিও দুই দলের নেতারা এমন গুঞ্জনকে ভিত্তিহীন দাবি করে বলছেন, এটি জোট ভাঙনের কোনো লক্ষণ নয়, বরং নিজস্ব রাজনৈতিক ও সাংগঠনিক কৌশলের অংশ।
বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ না নিয়ে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এই আলোচনা জোরালো হয়েছে। এর সঙ্গে সম্প্রতি ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।
তবে জামায়াত ও এনসিপির নেতারা বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে কারও অনুপস্থিতি কিংবা স্থানীয় সরকার নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার প্রস্তুতিকে জোটের ভাঙন হিসেবে দেখার সুযোগ নেই। জুলাই বিপ্লবের চেতনা, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং রাজনৈতিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দলের অবস্থান এখনো অভিন্ন।
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বুধবার বিকালে যুগান্তরকে বলেন, ১১ দলীয় ঐক্য কিংবা জামায়াতের সঙ্গে এনসিপির কোনো ধরনের ফাটল বা দূরত্বের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। দৃশ্যমান বিষয়গুলো মূলত রাজনৈতিক ও সাংগঠনিক কৌশলের অংশ।
তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ, ফ্যাসিবাদের বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের ঐক্য অটুট রয়েছে। তবে দল হিসেবে এনসিপির নিজস্ব পরিকল্পনা ও রাজনৈতিক পরিচয় রয়েছে। জনগণের আরও কাছাকাছি পৌঁছাতে দলটি নিজস্ব সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে চায়।
আখতার হোসেন আরও বলেন, যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এবং গণভোটের রায় উপেক্ষা করছে, তারাই জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্বের বিষয়টি সামনে আনছে। এটি তাদের রাজনৈতিক চক্রান্তের অংশ। দুই দলই নিজেদের কৌশল অনুযায়ী রাজপথের কর্মসূচি ও নির্বাচনে অংশ নেবে। কোনো শীর্ষ নেতা অসুস্থতা বা অন্য কোনো কারণে কর্মসূচিতে উপস্থিত হতে না পারলে সেটিকে জোটের ফাটল হিসেবে দেখার সুযোগ নেই।
একই ধরনের বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বুধবার বিকালে যুগান্তরকে তিনি বলেন, একটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিতে পারেননি। তিনি অসুস্থও থাকতে পারেন। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম ও সরকারদলীয় লোকজন অযথা বিতর্ক তৈরি করছে।
তিনি বলেন, জামায়াত ও এনসিপির মধ্যে বিন্দুমাত্র দূরত্ব নেই। সংসদ ও সংসদের বাইরে দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে অংশ নিলেও এতে জোটের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আলোচনার মাধ্যমে ভবিষ্যতে জোটগত নির্বাচন করার সুযোগও রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি এনসিপি দলীয় কমিটি পুনর্গঠন, শীর্ষ নেতাদের পদ-পদবি পরিবর্তন এবং নিষ্ক্রিয় নেতাদের আবারও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জোটের বাইরে গিয়ে নিজস্ব কর্মসূচি, সভা-সমাবেশ ও নির্বাচনী প্রস্তুতি চালাচ্ছে দলটি। এর মাধ্যমে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক শক্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে এনসিপি।
তাদের মতে, আসন সমঝোতা কিংবা নির্বাচনী কৌশলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান থাকতেই পারে। তাই স্থানীয় সরকার নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তকে সরাসরি জোটের ভাঙন হিসেবে দেখার সুযোগ নেই।
তবে ১১ দলীয় ঐক্যের কয়েকজন নেতার মতে, জোটের বড় কর্মসূচিতে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জোটের ভেতরে প্রার্থী নির্বাচন ও নির্বাচনী কৌশল নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এ নিয়ে শরিক দলগুলোর নেতাদের মধ্যে আলোচনা ও তর্ক-বিতর্কও চলছে।
জোটের কয়েকজন নেতার ধারণা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেওয়া হলে বিজয়ের সম্ভাবনা বাড়তে পারে। জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে এককভাবে সমর্থন দিলে নির্বাচনে ভালো ফল করা সম্ভব। ফলে পৃথক প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত জোটগত নির্বাচনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে পৃথক প্রার্থীর নাম ঘোষণা করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনে দলটির প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
অন্যদিকে এনসিপি প্রথমে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরে আরিফুল ইসলামের নাম ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে আসিফ মাহমুদ ঢাকা উত্তরের ভোটার হন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণের ভোটার হন। এরপর এনসিপি চূড়ান্তভাবে ঘোষণা করে, ঢাকা উত্তরে আসিফ মাহমুদ এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে অংশ নেবেন।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া থেকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, দলের মধ্যে ভিন্নমত বা দ্বিমত থাকতেই পারে। কেউ মনে করছেন জোটগত নির্বাচন ভালো হবে, আবার কেউ এককভাবে নির্বাচনের পক্ষে। দল সব ধরনের মতামতকে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, দলের নীতিনির্ধারণী ফোরামের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, এনসিপি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতও নিজস্বভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ফলে এনসিপির এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে জোটের মধ্যে দূরত্ব তৈরির কোনো কারণ নেই।
সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির পৃথক নির্বাচনী প্রস্তুতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিলেও দুই দলের নেতারা এখনো জোটের ঐক্য অটুট থাকার কথা বলছেন। তবে নির্বাচনের মাঠে প্রার্থী সমন্বয় ও রাজনৈতিক কৌশল নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা।