নেত্রকোণা প্রতিনিধি
ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে ডিও লেটার পাঠিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (৮ নভেম্বর) মন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে মহাসড়কটি চার লেনে উন্নীত করতে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ সড়ক দিয়ে নেত্রকোণা ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মানুষ ময়মনসিংহ বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন।
ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ফলে মহাসড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। ফলে বিদ্যমান দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে কৃষি, মৎস্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। বিরিশিরি, দুর্গাপুর, সোমেশ্বরী নদীসহ নেত্রকোণার বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং হাওরাঞ্চলে যাতায়াতেও আসবে গতি।
ডিও লেটারে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ছয় থেকে আট লেনে উন্নীত করার প্রস্তাব এবং কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর চার লেনের সেতু নির্মাণসহ চলমান বৃহত্তর যোগাযোগ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার সঙ্গে এ প্রকল্প সমন্বয়ের বিষয়টিও তুলে ধরা হয়।
এদিকে, ডেপুটি স্পিকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে নেত্রকোণাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এ অঞ্চলের মানুষ।