বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যু

Date: 2026-10-24
news-banner

চাঁদপুর জেলা প্রতিনিধি


চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, নিজ বাসার বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন মুহাম্মদ শফিকুর রহমান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও প্রগতিশীল সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭০ সালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের পর দৈনিক ইত্তেফাকে পূর্ণাঙ্গ সাংবাদিক হিসেবে যোগ দিয়ে টানা ৩২ বছর দায়িত্ব পালন করেন। ২০০২ সালে পত্রিকাটি থেকে অবসর নেওয়ার পর স্বাধীন কলামিস্ট হিসেবে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেন। সাংবাদিকতায় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য ১৯৮৫ সালে জাপানের টোকিও এবং ১৯৯১ সালে জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যে উচ্চতর প্রশিক্ষণ ও পড়াশোনা করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সংগঠনটির নেতৃত্বে ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিকুর রহমান পরবর্তী সময়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন।

advertisement image

Leave Your Comments