সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ১০ কার্যদিবসের অধিবেশন
আনলাইন ডেক্স
আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক। এ কারণেই সংক্ষিপ্ত এই অধিবেশন ডাকা হয়েছে।
অধিবেশনটি ৯ নভেম্বর শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ সময়ে মোট ১০টি কার্যদিবস থাকবে। আগামী জানুয়ারি মাসে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনকে সংক্ষিপ্ত রাখা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছর জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের প্রথম অধিবেশন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রবিবার (৮ নভেম্বর) রাত ১২টা থেকে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন এবং অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সংসদ সচিবালয় অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।