জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় যে, সরকারি ছুটির (শুক্র ও শনিবার) দিন বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে এবং ১৮ নভেম্বর চতুর্থ অধিবেশন সমাপ্ত হবে। প্রয়োজনে সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
অধিবেশনে একটি সরকারি বিল উত্থাপনের জন্য চিহ্নিত হয়েছে। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মাঝে জারি হওয়া তিনটি অধ্যাদেশ (পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন) প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। মোট ৩৭৫১টি প্রশ্ন, ৯২টি মনোযোগ আকর্ষণ নোটিশ এবং ২৮১টি সিদ্ধান্ত-প্রস্তাব নোটিশ পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন (৭ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা) এবং সাউন্ড সিস্টেমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।