জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার

Date: 2026-11-09
news-banner

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সোমবার (৯ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুকালে বলেছেন যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা ও নতুন যাত্রা সূচিত হয়েছে।

অনলাইন ডেক্স:

বিকাল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয় এবং তিনি সভাপতিত্ব করেন। তিনি বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল, এবং জনগণ বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয় এবং গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ জাতীয় পরিচয়ের ভিত্তি; আর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে সামনে এনেছে। সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক—সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষা করা এর প্রধান দায়িত্ব। 

সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান

advertisement image

Leave Your Comments