অনলাইন ডেক্স:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনকে “চরম হাস্যকর” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না; বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দিল্লির বাংলাদেশ মিশনে ব্রিটিশ ল’ ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন।
তিনি ল’ ফার্মটির নৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন, তাদের জানা উচিত তাদের মক্কেল কে। তিনি দেড় হাজারের বেশি মানুষ হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন এবং বছরের পর বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটিয়েছেন ।লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত। একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদেরই লজ্জিত করবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তিনি পালিয়ে গেছেন; এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি সত্যিই ফিরতে চান, তবে আইনি প্রক্রিয়া আছে। বাংলাদেশ-ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত সরকারকে সেই চুক্তির আওতায় হস্তান্তর করতে বলুন; এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্টের মাত্র ৫-৬ জনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল, যা পরে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা বিব্রত হয়েছেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময়/প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।