অনলাইন ডেস্ক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবেন না। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপ দেশে ফেরার প্রকৃত উদ্যোগ নয়। বরং এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া, আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পেছনে তিনটি সম্ভাব্য কারণ তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, দেশে ফিরবেন বলে দেওয়া বক্তব্যের সত্যতা প্রতিষ্ঠার জন্য তিনি একটি প্রক্রিয়া বা আবহ তৈরির চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন, দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এটি জনগণকে বিভ্রান্ত করার কৌশল হতে পারে।
তিনি আরও বলেন, দেশে ফেরার চেষ্টা করছেন—এমন একটি দৃশ্যমান প্রক্রিয়া দেখিয়ে শেখ হাসিনা হতাশ আওয়ামী লীগ নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের ফেলে ভারতে চলে যাওয়ায় দলটির মধ্যে হতাশা তৈরি হয়েছে।
জুবায়েরের মতে, শেখ হাসিনা যদি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি আর দেশে ফিরবেন না, তাহলে আওয়ামী লীগে নতুন সভাপতি বা শীর্ষ নেতা নির্বাচন করতে হবে। এ কারণে ‘আমি আছি, আমি ফিরে আসছি’—এমন বার্তা দিয়ে তিনি দলটির নেতৃত্ব নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কাজে লাগাতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তাও নিতে হবে। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন রাজনৈতিক তৎপরতার পেছনে প্রশাসনের দুর্বলতা এবং গত ১৬ বছরে দলীয় বিবেচনায় নিয়োগের প্রভাব রয়েছে বলে দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সুবিচার নিশ্চিত করার কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন।