অনলাইন ডেস্ক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভাসূত্রে জানা গেছে, এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি। রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তাঁর আইনজীবী। সোমবার (৯ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করার খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন করার আইনগত ভিত্তি এবং তাঁর আবেদন করার অধিকার রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’