নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৪৫ জন। দগ্ধ ও অসুস্থসহ মোট ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। ওই সময় অধিকাংশ শিক্ষার্থী ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ছয়জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়েছেন আরও অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতসহ ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা থেকে ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। অন্যদেরও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার স্টেশন ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরির বইপত্র ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।