দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

Date: 2026-11-10
news-banner

অনলাইন ডেক্স

সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার আইনগত সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি বিচারপ্রক্রিয়া মোকাবিলা করতে আদালতে হাজির হননি উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন তার আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।

ব্রিফিংয়ে তিনি জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কিংবা তার দল বা নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বিষয়টিকে পররাষ্ট্রমন্ত্রী যথার্থই হাস্যকর বলেছেন বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাননি বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেন আমিনুল ইসলাম। তার ভাষ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করাই হবে সঠিক পন্থা।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা থাকলে তিনি বিচার চলাকালে দেশে ফিরে মামলা মোকাবিলা করতে পারতেন। এমনকি রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করার সুযোগও ছিল।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছাড়ার সময় নিজের আত্মীয়স্বজনদের নিয়ে নিরাপদে চলে গেলেও দলের অনেক নেতাকর্মীকে দেশে রেখে গেছেন। এখন নতুন করে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে তার দলের নেতাকর্মীরা আরও বিপদে পড়েন।

এদিকে শেখ হাসিনার নামে বিভিন্ন অডিও বক্তব্য ছড়িয়ে পড়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত তারা পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচারিত অডিওগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

advertisement image

Leave Your Comments