নিজেস্ব প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়ও।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন উপজেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতী এলাকায় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।