দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নৈতিকতার চর্চা জরুরি: সেলিম উদ্দিন

Date: 2026-11-15
news-banner

অনলাইন ডেক্স

অপসংস্কৃতি ব্যক্তি, পরিবার ও সমাজকে বিপথগামী করে তোলে। একটি সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তুলতে কুরআন ও ইলমের চর্চা এবং সুনাগরিক তৈরিতে বিনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারার ইন্ট্রো কনভেনশন সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা সাংগঠনিক থানা আমীর ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ।

সেলিম উদ্দিন বলেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে না, সেখানে ন্যায়বিচার ব্যাহত হয় এবং দুর্নীতি ও অপরাধের প্রবণতা বাড়ে। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়। এ জন্য ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জীবনযাপনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ডা. শফিকুর রহমান সংসদ থেকে পাওয়া অর্থের একটি অংশ প্রতি মাসে একটি কওমি মাদরাসায় দান করেন। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। সংসদের ৩০০ সদস্য নীতি-নৈতিকতার চর্চা করলে দেশের চিত্র অনেকটাই বদলে যেত।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন নাগরিক তৈরি করতে চায়, যারা আল্লাহর ভয়, নৈতিকতা ও সততার ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। সমাজ পরিবর্তনের লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির মাধ্যমে তৈরি হওয়া ব্যক্তিরা বিভিন্ন দায়িত্বে থেকে সততা ও দুর্নীতিমুক্তভাবে কাজ করার চেষ্টা করছেন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি সরকার তা করেনি।

জামায়াতের সংসদ সদস্যদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তাঁরা সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো কেউ নেই। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মোল্লা, অফিস সম্পাদক নাসির উদ্দিন তারেক, সমাজকল্যাণ সম্পাদক এস এম মোবারক হোসাইন, মজলিসে শূরা সদস্য মো. কাইয়ুম উদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ীরা।

advertisement image

Leave Your Comments