আট বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকার দাবি পরিশোধ

Date: 2026-11-16
news-banner

অনলাইন ডেক্স

আর্থিক সংকট ও পরিচালনাগত অদক্ষতায় থাকা আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে এখন পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এসব কোম্পানির গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যোগ্য ও নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের পাশাপাশি পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের এসব পদক্ষেপের ফলে অন্যান্য বিমা কোম্পানিও তাদের দাবি নিষ্পত্তির কার্যক্রম জোরদার করেছে। এতে দেশের সামগ্রিক বিমা দাবি নিষ্পত্তি কার্যক্রম কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

মেয়াদোত্তীর্ণ জীবনবিমার দাবি বারবার পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আইনগত বাধ্যবাধকতা, আর্থিক দায় এবং বিমা গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে।

তিনি স্পষ্ট করেন, কোনো বিমা কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও গ্রাহকদের প্রতি ওই কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। তাই গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সংসদকে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ বর্তমানে দেশে মোট ৮২টি জীবন ও সাধারণ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

advertisement image

Leave Your Comments