অনলাইন ডেক্স
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্পকে জাতীয় শিল্প হিসেবে অভিহিত করে যেকোনো মূল্যে এ খাত রক্ষার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হলে শুধু একটি খাত নয়, গোটা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই এ শিল্পের চলমান সংকট ও অস্থিরতা নিয়ে জাতীয় সংসদে জরুরি ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে দেওয়া একটি নোটিশের আলোচনা না থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে কিছুদিন ধরে অস্থিরতা চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই খাতের সঙ্গে দেশের অর্থনীতি, রপ্তানি আয় এবং অসংখ্য মানুষের জীবন-জীবিকা জড়িত। গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব গোটা বাংলাদেশের অর্থনীতির ওপর পড়বে।
তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন। আলাপ-আলোচনার ভিত্তিতে নোটিশটি রোববারের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু ওই দিন অধিবেশন মুলতবি হওয়ায় এবং সোমবারের কার্যতালিকায় নোটিশটি না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না।
এ নিয়ে উষ্মা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, চলমান অধিবেশন আর মাত্র দুই দিন চলবে। এই স্বল্প সময়ের মধ্যে গার্মেন্টস খাতের মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনার সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি সংসদে আলোচনার বাইরে রাখা উচিত নয় বলেও মত দেন তিনি।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নোটিশটি রোববারের জন্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রোববার স্পিকার অধিবেশন মুলতবি করায় বিষয়টি আর আলোচনায় আসেনি। এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে জানানো সম্ভব হবে। তবে সোমবারের কার্যতালিকায় নোটিশটি অন্তর্ভুক্ত না থাকায় ওই দিন আলোচনার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
এরপর আবারও ফ্লোর নিয়ে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে নোটিশটি আলোচনা হওয়া জরুরি। এটি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিষয় নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। এই শিল্পকে রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি বলেন, ‘এটা কোনো দলের বিষয় নয়, এটা জাতীয় শিল্প—আমাদের বাঁচাতেই হবে। এখানে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা আছে। সরকারের দায়বদ্ধতা অবশ্যই বেশি, কিন্তু বিরোধী দল হিসেবে আমরাও দায়মুক্ত নই।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করার উদ্দেশ্যেই সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া একাধিক নোটিশের কোনোটিই এখন পর্যন্ত অনুমোদন না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের দেওয়া এই সেশনে অনেকগুলো নোটিশ, এ পর্যন্ত একটাও এন্ডোর্স (অনুমোদন) হয়নি। তাহলে আমরা এখানে বসে আছি কেন? আমরা তো জাতীয় স্বার্থে কথা বলার জন্য এখানে এসেছি, বসেছি।’
তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়; বরং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা এবং দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করাও তাদের দায়িত্ব। গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হলে এ খাতের সমস্যা, সংকট এবং তা থেকে উত্তরণের বিষয়ে সংসদে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
অধিবেশনের শেষ দিনে সাধারণত এ ধরনের আলোচনার সুযোগ থাকে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান আগামীকাল মঙ্গলবারই নোটিশটি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চলতি অধিবেশন শেষ হওয়ার আগে যেকোনো মূল্যে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে আলোচনা হওয়া উচিত।
বিরোধীদলীয় নেতার মতে, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের স্বার্থে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তাই রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে বিষয়টি সংসদে আলোচনার ব্যবস্থা করা জরুরি।