অনলাইন ডেক্স
জুলাই বিপ্লবে শিশু-কিশোরসহ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন শুধু সংবিধান সংশোধনের জন্য নয়, বরং দেশের কাঙ্ক্ষিত সংস্কার ও গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য। তাই সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের শহীদ চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে এত শিশু-কিশোরের রক্ত বৃথা যেতে পারে না। শুধু সংবিধান সংশোধনের জন্য এত মানুষ জীবন দেয়নি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এসব সমস্যা সমাধানে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে মামুনুল হক বলেন, তিনি তারেক রহমানকে ভালোবাসেন। তাঁর বাবা ও মা—বিশেষ করে তাঁর মা বেগম খালেদা জিয়া—ছিলেন আপসহীন নেত্রী।
সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জেলার সড়কগুলো দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সীগঞ্জ জেলা শাখা এ নাগরিক সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসাইন নুরানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল এবং যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় যুব মজলিসের মহাসচিব সোলাইমানি, মুন্সীগঞ্জ জেলা মহাসচিব মাওলানা মুফতি মুহাম্মদ অলিউল্লাহ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস ছাত্র আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মুন্সীগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, লৌহজং উপজেলা সেক্রেটারি আমিনুল ইসলাম আমিন, রিকাবী বাজার রামগোপালপুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, শ্রীনগর উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু সাইদ বিক্রমপুরী এবং মাওলানা মুফতি মুসফিকুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।