অনলাইন ডেক্স
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি এবং এ নিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনাও হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব বা শর্ত বাংলাদেশের কাছে আসেনি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও আনুষ্ঠানিক কোনো সূত্র থেকে আসেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়ার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো কথা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ তা গ্রহণ করে প্রয়োজনীয় জবাব দেবে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক শেখ হাসিনার বিষয়টির চেয়ে অনেক বিস্তৃত। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংলাপটি বাতিল করা হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় না। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ঘটনাবলির বিষয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ অবস্থায় তাঁকে কীভাবে দেশে আনা হবে, সে বিষয়টি আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
তিনি বলেন, বাংলাদেশ মনে করে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর সাজা কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাভেল পাসের মাধ্যমে ইমিগ্রেশনে আটক করার সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন সে পথে যাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না? ভারত যদি এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে।
দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) এ আবেদন জমা দিয়েছে। বাংলাদেশ মিশন আবেদনটি গ্রহণ করেছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী শুধু নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে তাঁকে পাসপোর্ট দিতে সরকার আইনগতভাবে বাধ্য নয়।