নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার কাছ থেকে টিপসই নিয়ে তা ব্যবহার করে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ছড়িয়ে পড়া কাবিননামায় ওই নারীর সঙ্গে আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তির বিয়ের কথা উল্লেখ রয়েছে। তবে বিয়েতে সম্মতি দেওয়ার কথা অস্বীকার করেছেন ওই নারী। কাবিননামাটিকে জাল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কাজিও। ভুক্তভোগী ওই নারীর বয়স ৪৩ বছর। তার অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়। একই সঙ্গে একটি কাগজে তার টিপসই নেওয়া হয়। কয়েক দিন পর এলাকায় আবদুল কুদ্দুসের সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে ওই বিয়ের একটি কাবিননামার কপিও এলাকায় ছড়িয়ে পড়ে।
ওই নারী বলেন, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি। ফ্যামিলি কার্ডের কথা বলে আবদুস সাত্তার তার কাছ থেকে কাগজে টিপসই নিয়েছিলেন। তার অভিযোগ, সেই টিপসই ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী প্রায় ১৩ বছর আগে মারা যান। এরপর অন্যের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করেছেন তিনি। ছেলেদের বিয়েও দিয়েছেন; রয়েছে নাতি-নাতনিও। অভিযোগ অস্বীকার করে আবদুস সাত্তার বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি ওই নারীর কাছ থেকে কোনো টিপসই নেননি। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
আবদুস সাত্তার নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন। এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক বলেন, বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। আবদুস সাত্তার জামায়াতের কোনো পদধারী নেতা নন। গত নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। এর আগে তিনি বিএনপি করতেন। ফজলুল হক আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত অপরাধীদের বিচার হওয়া উচিত। তবে প্রাথমিকভাবে ঘটনাটি সাজানো হতে পারে বলে তার ধারণা। ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে আবদুল কুদ্দুসের নাম উল্লেখ রয়েছে। স্থানীয়দের দাবি, কুদ্দুস এর আগে বিভিন্ন সময়ে ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে ওই নারী কখনো রাজি হননি বলে জানিয়েছেন।
আবদুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী সুফিয়া জানান, বিয়ের বিষয়ে তার স্বামী আগে কখনো কিছু জানাননি। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি ‘কোর্ট ম্যারেজ’ হয়েছে বলে দাবি করেন। পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি কারও কথা শুনছেন না বলে জানান সুফিয়া। ছড়িয়ে পড়া কাবিননামায় কাজি হিসেবে গোলাম মোস্তফার নাম রয়েছে। এতে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে। সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম রয়েছে। তবে সাইফুল ইসলাম দাবি করেছেন, তিনি ওই বিয়ের কোনো সাক্ষী ছিলেন না। কাজি গোলাম মোস্তফা জানান, তিনি ওই বিয়ে সম্পন্ন করেননি। কাবিননামাটিকে সম্পূর্ণ জাল দাবি করে তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ঘটনাটি নিয়ে গত সোমবার ও বুধবার গ্রামে দুই দফা সালিস হয়েছে। তবে কোনো সালিসেই আবদুস সাত্তার ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন না। সালিসের নেতা রুস্তম আলী জানান, আগামী শুক্রবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা যাচাই করা হচ্ছে। সালিসে সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।