নিজস্ব প্রতিবেদক
অবশেষে পারমাণবিক বিক্রিয়ার (ফিশন) পর্যায়ে উন্নীত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ অতিক্রম করে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরমাণুবিজ্ঞানী ড. মো. জাহেদুল হাছান। তিনি আজকের পত্রিকাকে বলেন, এখন ধীরে ধীরে পরবর্তী ধাপের দিকে এগোবে কার্যক্রম।
কবে নাগাদ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এমন প্রশ্নে জাহেদুল হাছান বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। আগামী কয়েক দিন এভাবে কার্যক্রম চলবে। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগোনো হবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও একটি অনুমোদন নিতে হবে। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি)। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের কারিগরি সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে। রাশিয়ার ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির প্রাথমিক নির্মাণব্যয় ধরা হয়েছিল ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। ২০২৬ সালের জানুয়ারিতে ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় প্রায় ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়। প্রকল্পের ব্যয়ের প্রায় ৯০ শতাংশ রাশিয়ার ঋণ এবং অবশিষ্ট অংশ বাংলাদেশের অর্থায়নে বহন করা হচ্ছে।
প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৩ সালে। মূল নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। ইতিমধ্যে কয়েক দফায় প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে। পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়া বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কারিগরি পরীক্ষা, ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করতে হবে।