নিজস্ব প্রতিবেদক
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ ছড়িয়ে পড়ার পর পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের এক কর্মকর্তা।
আজ শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বেও রয়েছেন, তাঁর এক আত্মীয়সহ অধিদপ্তরের একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।
ওই পোস্টে আরও দাবি করা হয়, প্রার্থীপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকায় চুক্তি করা হয়েছে। কথিত প্রশ্ন ও উত্তর রাতভর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের পড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান দ্য নিউজ পয়েন্ট কে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ার বিষয়টি তিনি তখনই জানতে পেরেছেন। এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা স্থগিত করা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষা বন্ধের বিষয়ে তাঁরা আলোচনায় বসছেন। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।
প্রতিবেদনটি তৈরির সময় পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।